রবিবার ০১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

প্রেম করলেই ঘরছাড়া! বিয়ের পর তরুণ-তরুণীদের জীবন কাটে আত্মগোপনে

Daily Janabhasha ২৭ সেপ্টেম্বার ২০২৬ ১২:৪৫ পি.এম

প্রেম করলেই ঘরছাড়া! বিয়ের পর তরুণ-তরুণীদের জীবন কাটে আত্মগোপনে প্রেম করলেই ঘরছাড়া! বিয়ের পর তরুণ-তরুণীদের জীবন কাটে আত্মগোপনে

অনলাইন ডেস্ক॥
ভারতের হরিয়ানায় বিয়ে করা অনেক তরুণ-তরুণীর জন্য বিয়ের পরের জীবন মানেই নতুন কোনো সংসারে পা রাখা নয়; বরং তাদের শুরু হয় এক অন্তহীন আত্মগোপনের অধ্যায়। সামাজিক রীতিনীতি, একই গ্রাম বা গোত্রে বিয়ের কঠোর নিষেধাজ্ঞা এবং খাপ পঞ্চায়েতের ফতোয়ার জেরে অনেক দম্পতিকে রাতের আঁধারে বাড়ি ছাড়তে হয়। কেউ আশ্রয় নেন বন্ধুর ঘরে, কেউ আত্মীয়ের বাড়িতে, আবার কেউ ঠাঁই পান পুলিশের নিরাপত্তায় গড়া ‘সেফ হাউসে’।
হিসার জেলার শ্রবণ ও আরতির গল্পটা ঠিক তেমনই। স্কুলে পড়ার দিনগুলোতেই তাদের পরিচয়, যা পরে রূপ নেয় প্রেমে। চলতি বছরের মে মাসে তারা যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তখন দুজনেই বেশ ভালো করেই জানতেন যে তাদের গ্রাম এই সম্পর্ক সহজে মেনে নেবে না। ফলে কোনো ঢাকঢোল না পিটিয়ে তারা গোপনে আদালতে গিয়ে বিয়ে সেরে ফেলেন। দুজনের বর্তমান বয়স ২১ ও ১৯ বছর।
বিয়ের পর টানা চার মাস তাদের কাটাতে হয়েছে লুকিয়ে লুকিয়ে। কখনো বন্ধুর বাড়ি, আবার কখনো শহরের কোনো পার্ক বা শপিং মলে কাটিয়েছে তাদের সংগ্রামমুখর দিনগুলো। শ্রবণের বাবা মাস্তান সিং অবশ্য ছেলের ফোন পেয়ে প্রথমে খুশিই হয়েছিলেন। কারণ আরতিকে তাদের পরিবার অনেক আগে থেকেই চিনত। কিন্তু জটিলতা বাধে যখন জানা যায়, আরতির পরিবার এই বিয়ে কোনোভাবেই মেনে নিচ্ছে না। 
কিছুদিন পর পরিবারের আশ্বাসে দম্পতি গ্রামে ফিরলেও শুরু হয় পঞ্চায়েতের তৎপরতা। গত ২০ সেপ্টেম্বর গ্রামের প্রবীণরা একটি অনানুষ্ঠানিক সভা ডেকে এই প্রেমের বিয়ের বিরুদ্ধে সামাজিক বয়কটের সিদ্ধান্ত নেন। একই গ্রামের মধ্যে বিয়ে করাকে তারা দীর্ঘদিনের সামাজিক রীতির পরিপন্থি বলে ঘোষণা করেন।
গ্রামের প্রবীণ সদস্য কুলবন্ত গোসলের সাফ কথা, একই জাতি ও একই গ্রামের তরুণ-তরুণীর বিয়ে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এমন দম্পতিদের সামাজিকভাবে বর্জন করা উচিত। অন্যদিকে গ্রামের সরপঞ্চ রতন সিং অবশ্য দাবি করেন, এটি সরকারি পঞ্চায়েতের কোনো সিদ্ধান্ত নয়, বরং গ্রামের প্রবীণদের ব্যক্তিগত মত। তার মতে, তারা প্রেমের বিরোধী নন, তবে একই গ্রামের মানুষের মধ্যে বিয়ে হলে গ্রামের পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্ট হতে পারে।
আরতির পরিবার এই বিয়েকে সরাসরি ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছে। তার দাদি রোশনি আক্ষেপ করে বলেন, তারা চেয়েছিলেন আরতি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। কিন্তু পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ায় তারা আর তাকে মেনে নিতে পারছেন না। 
হরিয়ানার খাপ পঞ্চায়েতগুলোর মধ্যে একই গোত্র, একই গ্রাম বা নির্দিষ্ট সামাজিক সীমানার মধ্যে বিয়ের বিরোধিতা দীর্ঘদিনের এক সংস্কৃতি। দাহিয়া খাপের সভাপতি সুরেন্দর দাহিয়া দাবি করেন, তাদের প্রথা অনুযায়ী বিয়ের ক্ষেত্রে গ্রাম, এলাকা বা গোত্রের মধ্যে নির্দিষ্ট দূরত্ব থাকা বাধ্যতামূলক। একই উৎসের মানুষদের মধ্যে বিয়ে হলে তা ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তার দাবি।
শুধু শ্রবণ আরতিই নন, হরিয়ানার বিভিন্ন প্রান্তে প্রেম করে বিয়ে করা অসংখ্য দম্পতিকে এমন নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হয়। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতে ৩৬টি অনার কিলিং বা সম্মান রক্ষার নামে হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে কেবল হরিয়ানাতেই ঘটেছে চারটি ঘটনা।
সমাজবিজ্ঞানীদের মতে, এর পেছনে কেবল সামাজিক নিয়ম ভাঙার ক্ষোভ কাজ করে না; বরং এর শেকড় প্রোথিত রয়েছে পিতৃতান্ত্রিক সমাজে নারীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মানসিকতা এবং পুরুষতান্ত্রিক কর্তৃত্ব হারানোর ভয়ে। 
হিসার শহরের কেন্দ্রীয় কারাগারের পেছনে রয়েছে একটি সরকারি অনুমোদিত সুরক্ষা-আবাস। হুমকির মুখে থাকা বা প্রেম করে বিয়ে করা দম্পতিদের সাময়িকভাবে সেখানে রাখা হয়। একসঙ্গে ১০ থেকে ১২টি দম্পতি থাকতে পারলেও সেখানে সুযোগ-সুবিধা বেশ সীমিত। অনেক সময় নিজেদেরই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হয়।
হিমাংশু ও বিমলার মতো ভিন্ন জাতির দম্পতিরাও সেখানে কাটিয়েছেন বন্দিদশা। হিমাংশু বাল্মীকি সম্প্রদায়ের আর বিমলা সাইনি সম্প্রদায়ের। ২০২২ সালের ডিসেম্বরে তারা যখন বিয়ে করেন, তখন পরিবার ও পঞ্চায়েতের ভয়ে বাড়ি ছেড়েছিলেন। বিয়ের পর পুলিশের সেফ হাউস এবং পরে সিরসায় এক আত্মীয়ের বাড়িতে প্রায় তিন মাস লুকিয়ে ছিলেন তারা। নিরাপত্তার খাতিরে বন্ধ রাখতে হয়েছিল মোবাইল ফোন ও সব ধরনের যোগাযোগ।
দম্পতিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রশাসনকেও পড়তে হয় নানা বিপাকে। জিন্দ ও হানসি জেলার পুলিশ কর্মকর্তারা জানান, এসব দম্পতির জন্য আলাদা কোনো বাজেট বা স্থায়ী অবকাঠামো নেই। কখনো পুলিশ লাইনের এক কোণে ছোট্ট ঘরে তাদের দিন কাটাতে হয়।
সব মিলিয়ে, ভালোবাসার টানে এক ছাদের নিচে বাঁচার স্বপ্ন দেখা তরুণ-তরুণীদের কাছে বাস্তব জীবন হয়ে দাঁড়ায় চাকরি হারানো, পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা এবং নিরাপত্তার টানে সেফ হাউসের চার দেওয়ালে দিন কাটানোর এক নির্মম লড়াই।

আরও খবর

news image

দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ আনরেস্ট : কারণ ও প্রতিকার: রুদ্র মোহাম্মদ ইদ্রিস

news image

সৌদি আরবের চার অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কায় রেড অ্যালার্ট জারি

news image

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে: জানুন  আবেদন যেভাবে

news image

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি

news image

 ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের রাজপথ উত্তাল!

news image

পা দিয়ে বিমান চালিয়ে ইতিহাস গড়লেন ‘দেজানা’

news image

১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, ইরানকে ঘিরে কী ঘটছে?

news image

ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

news image

মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

news image

আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

news image

মদিনায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

news image

প্রেম করলেই ঘরছাড়া! বিয়ের পর তরুণ-তরুণীদের জীবন কাটে আত্মগোপনে

news image

জাপানে ঘরজামাই হয়ে থাকার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

news image

ট্রাম্পের মিডিয়া নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে তিন সংবাদমাধ্যম

news image

গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

news image

‘ট্রাম্প টিভি’ চালু হলো

news image

স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয়বার ১০০ মিলিয়ন আয় করল সৌদি চলচ্চিত্র

news image

রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি

news image

এআইয়ের ভুল তথ্যে চীনে অভিযান চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, এড়ালো বড় সংঘাত

news image

মোদিকে ‌‘স্বৈরাচার’ বললেন শ্রীলেখা

news image

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

news image

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেলো সৌদি আরব

news image

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি বাফেলোর সভা অনুষ্ঠিত  

news image

যুক্তরাষ্ট্রের কাছে মজুদ মাত্র ১৪ দিনের তেল, এমন দাবি কতটা সত্য?

news image

সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের মিলনমেলা

news image

এআইয়ের অগ্রগতিতে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত গবেষকেরা

news image

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট

news image

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!

news image

কারা চালায় পৃথিবী? কারা কিনতে চায় পৃথিবী: নেপথ্যে ডলারের শাসন

news image

সিডনিতে ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান